বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গত ১৫ বছরের “ফ্যাসিবাদী শাসনে” দেশের গণমাধ্যম কাঠামো পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে। তার ভাষায়, “হাসিনা গণমাধ্যমের জায়গাটা ধ্বংস করে দিয়েছেন।”
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশ এখন নির্বাচনকে ঘিরে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষায় আছে। সেই প্রেক্ষাপটে মতপ্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করা জরুরি। “গণতন্ত্রে ভিন্নমত থাকবে, কিন্তু বর্তমানে ভিন্নমতকে জায়গা দেওয়া হয় না,” মন্তব্য ফখরুলের।
বক্তৃতায় তিনি অসুস্থ খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চান।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্বশীল ও স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের জন্য অপরিহার্য; কোনো রাজনৈতিক পক্ষের অনুসারী হলে সংবাদকর্মীদের দাবি-দাওয়া ও পেশাগত স্বাধীনতা রক্ষা সম্ভব নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত বিস্তার প্রসঙ্গে তিনি জানান, এসব প্ল্যাটফর্মে দায়বদ্ধতার অভাব ব্যক্তিগত মতপ্রকাশের নামে নৈরাজ্য তৈরি করছে, যা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিএফইউজে নেতারা।
আপনার মতামত লিখুন :