ডা. শফিকুর রহমান টানা তৃতীয়বারের মতো ২০২৬–২৮ মেয়াদে জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব নিলেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে শপথ নেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “আমি নিজেকে যোগ্য মনে করি না, তবে অর্পিত দায়িত্ব সম্মিলিতভাবে পালন করব। ভুল হলে দায় আমারই।” দেশ ও জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
দীর্ঘ ১৬ বছরের রাজনৈতিক দমন-পীড়নের কথা উল্লেখ করে তিনি জানান, “কারাগার ছিল আমাদের প্রথম বাসস্থান; অন্যায়ের প্রতিবাদ করেই সেসব সহ্য করেছি।”
২০১৯ ও ২০২২ সালে প্রথম দুই মেয়াদে আমীর নির্বাচিত হন শফিকুর রহমান। এর আগে কেবল গোলাম আযম এবং মতিউর রহমান নিজামীই টানা তিনবার এ পদে দায়িত্ব পালন করেছিলেন।
গঠনতন্ত্র অনুযায়ী, দলের জাতীয় কাউন্সিলের সদস্যরা গোপন ভোটে তিন বছরের জন্য আমীর নির্বাচন করে থাকেন।
আপনার মতামত লিখুন :