বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থায় নেই খালেদা জিয়া: মির্জা ফখরুল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ৭:০৭ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিদেশে স্থানান্তরের উপযোগী নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা “কিছুটা সংকটাপন্ন”, এবং এখনই তাকে বিদেশে নেওয়ার ঝুঁকি নেওয়া সম্ভব নয়।

মির্জা ফখরুল জানান, দেশি বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ও লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা চিকিৎসার ধরন নিয়ে মত দিয়েছেন, তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলেই বিদেশে স্থানান্তরকে নিরাপদ মনে করছেন না।

তিনি বলেন, বিদেশে নেওয়ার প্রয়োজন দেখা দিলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সে জন্য ভিসা ও আন্তর্জাতিক যোগাযোগ–সংক্রান্ত কাজ “উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছে।” পরিস্থিতি অনুকূলে এলে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত দ্রুতই বাস্তবায়ন করা যাবে।

বিএনপি মহাসচিব হাসপাতালের সামনে ভিড় না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতিরিক্ত ভিড় চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে এবং এতে চিকিৎসকরাও অসুবিধায় পড়ছেন।