শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা

বৃষ্টি–বন্যায় ভয়াবহ বিপর্যয়


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ৭:২২ অপরাহ্ন

ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় শ্রীলঙ্কা জুড়ে সৃষ্টি হয়েছে মারাত্মক মানবিক সংকট। দেশব্যাপী অন্তত ১৩২ জনের মৃত্যু এবং ১৭৬ জনের নিখোঁজ হওয়ার পর সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে, পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, প্রবল বর্ষণে ১৫ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৭৮ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। বহু অঞ্চলে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, খাদ্য ও বিশুদ্ধ পানির ঘাটতি তীব্র আকার ধারণ করেছে।

উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী যুক্ত হয়েছে। অনুরাধাপুরায় একটি বাস থেকে হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করে ৬৯ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। দুর্যোগে বিদ্যুৎ–পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে প্রায় এক–তৃতীয়াংশ এলাকায়; ডুবে গেছে পানি পরিশোধন কেন্দ্র ও ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি।

মধ্যাঞ্চলে নতুন করে ভূমিধস দেখা দিয়েছে, বহু গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষায়, “খাদ্য নেই, নিরাপদ পানি নেই—রাস্তা ধসে আমরা আটকে আছি।”

ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা অতিক্রম করে ভারতের দিকে এগোচ্ছে; চেন্নাইয়ে ইতোমধ্যে কয়েক ডজন ফ্লাইট বাতিল হয়েছে। ভারত দ্রুত ত্রাণ পাঠিয়েছে এবং আরও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

২০১৭ সালের পর এটিই শ্রীলঙ্কার সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।