জরুরি অবস্থার মধ্যেই শ্রীলঙ্কায় বন্যা–ভূমিধসে মৃত্যু ১৯৩


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ–এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯৩–এ পৌঁছেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) রোববার জানায়, এখনো ২০০ জনের বেশি নিখোঁজ, আর বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১ লাখ ৮ হাজার মানুষ।

ডিএমসি জানায়, প্রবল বর্ষণে ২০ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ঘূর্ণিঝড় কেটে গেলেও দেশের বড় অংশ এখনো বিদ্যুৎ ও বিশুদ্ধ পানিবিহীন। সড়ক ও রেল যোগাযোগ বিপর্যস্ত হয়ে দেশের মধ্যাঞ্চলের বহু এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন।

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ক্যান্ডি ও বাদুল্লায়, যেখানে উদ্ধারকর্মীরা এখনো অনেক দুর্গম অঞ্চলে পৌঁছাতে পারেননি। কেলানি নদীর পানি দ্রুত বাড়তে থাকায় কয়েকটি এলাকায় নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

পরিস্থিতি মোকাবেলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সরকার আন্তর্জাতিক সহায়তা চেয়েছে এবং প্রবাসী শ্রীলঙ্কানদেরও আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে।

ঘূর্ণিঝড়টি শুক্রবার পূর্ণ শক্তিতে আঘাত হানে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে, তবে কয়েকদিন আগে থেকেই ভারী বর্ষণ চলছিল। বর্তমানে বর্ষাকাল চললেও এমন তীব্র দুর্যোগ দেশটিতে অস্বাভাবিক।

২০০৩ সালের ভয়াবহ বন্যার পর এটিই শ্রীলঙ্কার অন্যতম বড় আবহাওয়া–বিপর্যয় বলে মনে করছে কর্তৃপক্ষ।