ভয়াবহ ঝড়ের কবলে এশিয়া: চার দেশে মৃত ৯ শতাধিক


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

এশিয়ার চার দেশে টানা ঝড়, বন্যা ও ভূমিধসে মানবিক বিপর্যয় দ্রুত গভীর হচ্ছে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় গত এক সপ্তাহে প্রাণ হারিয়েছেন ৯০০-রও বেশি মানুষ; নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এর আঘাতে সেখানেই নিহতের সংখ্যা ৪৩৫ ছাড়িয়েছে; নিখোঁজ অন্তত ৪০৬ জন। বন্যা ও ভূমিধসে বহু অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক ও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় সেনাবাহিনী হেলিকপ্টারে ত্রাণ নিয়ে পৌঁছাচ্ছে। অনেক এলাকায় খাদ্যাভাব দেখা দিয়েছে, কোথাও কোথাও লুটপাটের ঘটনাও ঘটেছে।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ১৬২ জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৫ লাখের বেশি। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হলেও পানি নামতে শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’-এর প্রভাবে বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে ৩৩৪ জনের। দেশটিতে ২৫ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়েছে, বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ১ লাখ ৪৭ হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে সরকার।

মালয়েশিয়ার উপকূলে আঘাত হানা একই ঝড়ে প্রাণ গেছে দুজনের; স্থানান্তরিত হয়েছেন প্রায় ৩৪ হাজার মানুষ।

অস্বাভাবিক আবহাওয়ার এই ধারাবাহিক দুর্যোগে চার দেশই এখন ব্যাপক মানবিক সহায়তার অপেক্ষায়।