বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় আন্তর্জাতিক সহায়তা আরও বিস্তৃত হচ্ছে। চীনের বিশেষজ্ঞ দলের পর এবার যুক্তরাজ্যের চিকিৎসকরাও ঢাকায় আসছেন। বুধবারই তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোগীর বর্তমান অবস্থা বিবেচনায় নানা দেশ চিকিৎসা সহায়তার আগ্রহ দেখিয়েছে—এর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারতও রয়েছে।
চীনের পাঁচ সদস্যের মেডিকেল টিম সোমবার ঢাকায় পৌঁছে এভারকেয়ারে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে অংশ নেয়। তবে বিএনপির কোনো নেতা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
ডা. জাহিদ বলেন, “বিশেষজ্ঞরা খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করছেন। তারা যদি মনে করেন রোগীকে বিদেশে স্থানান্তর করা সম্ভব ও প্রয়োজনীয়, তখনই সিদ্ধান্ত নেওয়া হবে। সব প্রস্তুতি আছে, তবে মেডিকেল বোর্ডের পরামর্শই এখানে চূড়ান্ত।”
৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি সমস্যা, লিভার সিরোসিস এবং হৃদ্রোগসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
আপনার মতামত লিখুন :