বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণার পর তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
আজ মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে এসএসএফের গাড়ি প্রবেশের মধ্য দিয়ে এই নিরাপত্তা কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে দুপুরে অন্তর্বর্তী সরকার জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, নিরাপত্তা–সুবিধা ও প্রোটোকল বিবেচনায় তাঁকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।
২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারের সিদ্ধান্ত সম্পর্কে খালেদা জিয়ার পরিবার ও দলকে অবহিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :