ম্যাডাম নল দিয়ে খাবার ও ওষুধ নিচ্ছেন, জানালেন কনকচাঁপা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন

এভারকেয়ার হাসপাতালের কঠোর নিরাপত্তা পেরিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান সংগীতশিল্পী কনকচাঁপা।

তবে তিনি খালেদা জিয়ার সাথে দেখা করতে না পারলেও সার্বক্ষণিক সহকারী ফাতেমার সঙ্গে কথা বলে জানতে পারেন—খালেদা জিয়া বর্তমানে নল (ফিডিং টিউব) দিয়ে খাবার ও ওষুধ গ্রহণ করছেন। আগের দিনের তুলনায় তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলেও জানা গেছে।

ফাতেমা জানান, খালেদা জিয়া মাঝে মাঝে চোখ খুলছেন এবং সাড়া দিচ্ছেন। কনকচাঁপা হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, “তার জন্য সারা দেশের মানুষ দোয়া করছে। আল্লাহ নিশ্চয়ই কারও না কারও দোয়া কবুল করবেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমেও কনকচাঁপা লিখেছেন, খালেদা জিয়ার সুস্থতার স্বার্থে ভিড় না করার অনুরোধকে সম্মান জানিয়ে দূর থেকেই দোয়া করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মন টিকতে না পেরে তিনি হাসপাতালে গিয়ে পরিস্থিতি কাছ থেকে দেখেন।

হাসপাতালে তিনি বিএনপি নেতা ডা. জাহিদ হোসেন, শিমুল বিশ্বাস, আমানউল্লাহ আমান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক এমপি নাজিম উদ্দিন আলমসহ কয়েকজনের সঙ্গে দেখা করেন এবং তারা সবাই খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তাকে অবহিত করেন।