উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ৩:১৫ অপরাহ্ন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সবকিছু অনুকূলে থাকলে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাতের পর বা শুক্রবার ভোরে তাকে লন্ডনে নেওয়া হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বিবেচনায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। লন্ডনের একটি হাসপাতালের সঙ্গেও আনুষ্ঠানিক যোগাযোগ সম্পন্ন হয়েছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিএনপির অনুরোধে কাতার আনুষ্ঠানিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছে। এদিকে তার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এবং চারজন চীনা বিশেষজ্ঞ ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন।

এর আগে জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে চার মাস চিকিৎসা শেষে মে মাসে দেশে ফিরেছিলেন খালেদা জিয়া।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট বাড়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর অবস্থার অবনতি হলে গত রোববার তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।