আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ৫:০৬ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী তালিকা আরও বিস্তৃত করেছে। আগে ঘোষিত ২৩৭ আসনের সঙ্গে নতুন করে ৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

নতুন ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—ঠাকুরগাঁও-২ আসনে ডা. আব্দুস সালাম, দিনাজপুর-৫ এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ জাহিদুল ইসলাম ধলু এবং নাটোর-৩ মো. আনোয়ারুল ইসলাম। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ মনিরুল ইসলাম এবং খুলনা-১ এ আমির এজাজ খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় অঞ্চলে টাঙ্গাইল-৫ এ সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ এ আবু ওহাব আখন্দ ওয়ালিদ এবং কিশোরগঞ্জের দুটি আসনে মাজহারুল ইসলাম ও শেখ মুজিবুর রহমান ইকবাল প্রার্থী হয়েছেন। ঢাকার চার আসনে হামিদুর রহমান, হাবিরুর রশিদ, শেখ রবিউল আলম ও এম এম জাহাঙ্গীর হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সিলেট বিভাগে আরিফুল হক চৌধুরী (সিলেট-৪) এবং রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১) নির্বাচনে দাঁড়াবেন। চট্টগ্রাম অঞ্চলে মনোনয়ন পেয়েছেন মোস্তফা কামাল পাশা, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, আবু সুফিয়ান, নাজমুল মোস্তফা আমীন এবং কক্সবাজার-২ এ আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

গত ৩ নভেম্বর বিএনপি প্রথম দফায় ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল। পরে মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করে দলটি। নতুন তালিকায় সেই আসনে নাদিরা আক্তারকে প্রার্থী করা হয়েছে।