খালেদা জিয়ার জন্য সারাদেশে বিশেষ দোয়া


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের বিভিন্ন স্থানে শুক্রবার জুমার নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মসজিদগুলোতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

ঢাকার নয়াপল্টনে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। দোয়া শেষে মির্জা ফখরুল বলেন, “বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারামুক্তির পর থেকে চিকিৎসা সংকট তাকে আরও অসুস্থ করেছে।”

তিনি জানান, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকরা সম্মতি দিলে খালেদা জিয়াকে রোববার লন্ডনে নেওয়া হতে পারে।

বিএনপি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানিয়েছে, যাতে দেশের সব ধর্মের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনায় অংশ নিতে পারে।