ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ. লীগ ছিল গণতন্ত্রের শত্রু: তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন

স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু।”

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এ বার্তায় তিনি ১৯৯০ সালের ৬ ডিসেম্বরকে স্মরণ করেন—যে দিন দীর্ঘ আন্দোলনের পর এরশাদ শাসনের অবসান ঘটে। তারেক রহমান উল্লেখ করেন, এরশাদের ক্ষমতাগ্রহণ ছিল “গণতন্ত্র হত্যার” ধারাবাহিকতা, যা ভেঙে দিয়েছিল বহুদলীয় রাজনৈতিক কাঠামো।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নয় বছরের নেতৃত্ব ও অবিচল আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট “ফ্যাসিবাদী শক্তির পতন”ও সেই ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনে বেগম খালেদা জিয়ার ওপর “নানামাত্রিক নিপীড়ন” চালানো হয়েছে এবং অবিরাম নির্যাতনে তিনি এখন জীবনসংকটে। তারেক রহমান দেশের জাতীয়তাবাদী শক্তির ওপর পরিচালিত “অত্যাচার” ও “অবরোধ পরিস্থিতি”—এই দুই বিষয়ও তুলে ধরেন।

তিনি ১৯৮২ থেকে ১৯৯০ সালের আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গণতন্ত্রের পুনরুত্থান রক্ষায় “গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে,” যাতে “পরাজিত স্বৈরাচারী শক্তি আর ফিরে আসতে না পারে।”