বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে নেওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন। কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স পুরো সময় প্রস্তুত রাখা হয়েছে; তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মেডিকেল বোর্ডের ওপর—তারা ‘ফ্লাই করার উপযোগী’ ঘোষণা দিলেই অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করবে।
শনিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, কাতার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে এবং যাত্রা সংক্রান্ত সব ব্যবস্থা তাদের পক্ষ থেকেই সম্পন্ন হয়েছে। একইসঙ্গে জার্মানি থেকেও উন্নতমানের আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স আনার উদ্যোগ কাতারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে।
তবে চিকিৎসকদের মতে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো বিমানযাত্রার উপযোগী হয়নি। গত কয়েক দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়েছে, যার রিপোর্ট মূল্যায়ন এখনো চলমান। প্রতিদিনই মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত। দলে যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান, যিনি বৃহস্পতিবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন।
কবে লন্ডন নেয়া হবে—তার নির্দিষ্ট সময় এখনো নেই; সিদ্ধান্ত নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক সক্ষমতার ওপর।
আপনার মতামত লিখুন :