ভারতে শেখ হাসিনার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যে প্রেক্ষাপটে তিনি দেশটিতে এসেছেন—সেই বাস্তবতাই তার ভবিষ্যৎ অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা “নির্দিষ্ট পরিস্থিতিতে” ভারতে এসেছেন এবং ভবিষ্যতে কী হবে সে সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাকেই নিতে হবে।

গত বছরের আগস্টে ছাত্র আন্দোলনের তীব্র সহিংসতার মুখে দেশ ছাড়েন ৭৮ বছর বয়সী শেখ হাসিনা। আন্দোলনে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। পরে তিনি ভারতে আশ্রয় নেন। গত মাসে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয়।

শেখ হাসিনা কি ইচ্ছামতো ভারতে থাকতে পারবেন—এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, পরিস্থিতিই নির্ধারণ করবে তার পরবর্তী অবস্থান কী হবে।

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশটিতে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত জরুরি। ভারতের অবস্থানও এ বিষয়ে পরিষ্কার—সমস্যা যদি নির্বাচনকেন্দ্রিক হয়, তবে প্রথমেই প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন।

দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে জয়শঙ্কর বলেন, “আমরা বাংলাদেশকে ভালো দেখতে চাই। জনগণের ইচ্ছা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও যোগ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে ফলই আসুক, তা দুই দেশের সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও পরিণত করবে—এমনটাই আশা ভারত সরকারের।