আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ব্রিফ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়।
সিইসি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য কমিশন “সম্পূর্ণ প্রস্তুত”। তিনি বলেন, প্রস্তুতির প্রতিটি ধাপ পরিকল্পনামাফিক এগোচ্ছে এবং মাঠপর্যায়ে নির্বাচন–সংশ্লিষ্ট কাজে নাগরিক অংশগ্রহণও স্পষ্ট হয়ে উঠছে।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ ও কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। সরকারের পক্ষে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দেন যে, একটি “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন” নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি নির্বাচনকে “জাতির প্রতীক্ষিত মুহূর্ত” বলে উল্লেখ করেন এবং বলেন, সরকার ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ।
আপনার মতামত লিখুন :