খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে স্থানান্তরের উদ্দেশে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার একটু পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইটটিকে অবতরণের অনুমতি দিয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। রাত ৯টার দিকে অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করবে বলে ধারণা করা হলেও, মেডিক্যাল টিমের মূল্যায়নের ওপর সময়সূচি পরিবর্তিত হতে পারে।

জানা গেছে, কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে।

২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার চিকিৎসায় যুক্ত আছেন লন্ডন ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চললেও মেডিক্যাল বোর্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন খালেদা জিয়া এবং চার মাস পর একই ব্যবস্থায় মে মাসে দেশে ফেরেন।