সচিবালয়মুখী সড়কে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ২:৫০ অপরাহ্ন

রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার দুপুরে শিক্ষা ভবনের পাশের সংযোগ সড়ক থেকে সচিবালয়মুখী পথে বসে পড়লে ওই এলাকায় যান চলাচল কার্যত থমকে যায়।

দুপুর পৌনে ১টার দিকে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচিতে হাইকোর্ট মোড় থেকে সচিবালয় পর্যন্ত রাস্তা পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখে।

শিক্ষার্থীরা জানান, তাদের এক দফা দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না। রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত বিক্ষোভের পর আন্দোলনের অন্যতম সংগঠক নাঈম হাওলাদার ঘোষণা দেন—রাতভর অবস্থান চলবে। রাতেই বেশ কিছু শিক্ষার্থী মোড়ে কাঁথা বিছিয়ে অবস্থান করেন, সকালে অন্যরা এসে যোগ দেন।

টানা অবস্থানের কারণে এলাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।