বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স আর মঙ্গলবার ঢাকায় আসছে না। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে অপারেটর প্রতিষ্ঠান স্লট অনুমতি প্রত্যাহারের আবেদন করেছে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বেবিচকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে আগের অনুমোদন বাতিলের আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে। আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এর আগে রোববার জমা দেওয়া প্রাথমিক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণ এবং রাত ৯টায় লন্ডনের উদ্দেশে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল। কাতার সরকারের সহায়তায় ভাড়া করা বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ বিমানটি দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনে ব্যবহৃত হয়।
এদিকে খালেদা জিয়ার বিদেশ যাত্রা স্থগিত হওয়ায় তার অবস্থান নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। শারীরিক অবস্থার অবনতির পর ২৭ নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয়। লিভার সিরোসিসসহ একাধিক জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়া বর্তমানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
বোর্ডের চূড়ান্ত সম্মতি ছাড়া বিদেশ স্থানান্তরের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে চিকিৎসকরা জানিয়েছেন। ফলে তার লন্ডন যাত্রা আপাতত স্থগিত রয়েছে।
আপনার মতামত লিখুন :