বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “তারেক রহমান যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন গোটা দেশ কেঁপে ওঠে।”
বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিভিন্ন সাংগঠনিক ইউনিট থেকে আসা হাজারের বেশি নেতা অনুষ্ঠানে যোগ দেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি নানা বাধা ও প্রচারণার মুখে পড়লেও দল কখনো পরাজিত হয়নি। জনগণ ও জাতীয়তাবাদী আদর্শই দলকে শক্তি জোগাবে বলে তিনি দাবি করেন।
তিনি জানান, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে “নতুন বাংলাদেশ গঠনের সুযোগ” তৈরি হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন প্রতিনিধিত্বশীল সংসদ ভবিষ্যতের পথচলা নির্ধারণ করবে এবং এর নেতৃত্বে থাকবেন তারেক রহমান।
ক্ষমতাসীনদের বিরুদ্ধে আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারকার নির্বাচন “আওয়ামী লীগের আমলের নির্বাচন” নয়; এটি হতে হবে সত্যিকার অর্থে নিরপেক্ষ। জনগণের মন জয় করেই বিজয় নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি বিএনপির অতীত সংস্কারমূলক ভূমিকা স্মরণ করে বলেন, জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের উন্মুক্ততা, বিচার বিভাগের স্বাধীনতা এবং খালেদা জিয়ার সময় নারীর শিক্ষা ও অর্থনৈতিক আধুনিকায়ন—এসবই দলের সংস্কারচর্চার উদাহরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন হাবিব উন নবী খান সোহেল। দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :