বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান। শনিবার সকালে ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি প্রাথমিক সহযোগী সদস্য হিসেবে নিবন্ধন করেন।
আক্তারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর এবং মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-২ আসন থেকে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, যোগদান অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন। এ সময় আক্তারুজ্জামান জামায়াতের নীতি-আদর্শ, দেশপ্রেম এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অবস্থানের প্রতি আস্থা প্রকাশ করেন।
তিনি বলেন, ইসলাম ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশের স্বার্থ রক্ষায় অবশিষ্ট জীবন ব্যয় করতে চান এবং জামায়াতের শৃঙ্খলা ও আদর্শের প্রতি অনুগত থাকবেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে স্বাগত জানিয়ে দীর্ঘ ও কল্যাণময় জীবনের কামনা করেন।
আপনার মতামত লিখুন :