অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সামনে পরিস্থিতি “চরম সংকটময়” এবং সহিংসতায় আর সংযম দেখানো হবে না। সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে সংহতি জানিয়ে তিনি বলেন, “একটা লাশ পড়লে আমরাও লাশ নেব—অত সুশীলতা করে লাভ নেই।”
ভারত থেকে বাংলাদেশে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ তুলে মাহফুজ আলম বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা বরদাশত করা হবে না। “আমরা যদি নিরাপদে না থাকি, আমাদের শত্রুরাও নিরাপদে থাকতে পারবে না,” বলেন তিনি।
গত বছরের জুলাই–আগস্টের অভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে যুক্ত থাকা মাহফুজ আলম সম্প্রতি জাতীয় নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেন। সমাবেশে তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক লড়াইয়ে ব্যর্থতার ফলেই শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।
মুজিববাদ ও আওয়ামী লীগকেন্দ্রিক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, অতীতে সংযম দেখানোর সুযোগেই বিরোধীরা আবার সাহস পাচ্ছে। ভবিষ্যতে “ক্ষমা নয়”—এই অবস্থানই নেওয়া হবে বলে জানান তিনি।
সমাবেশে মাহফুজ আলম সতর্ক করেন, দেশের ভেতরের রাজনৈতিক দ্বন্দ্ব যদি দেশের বাইরে গড়ায়, তবে প্রতিরোধও সীমান্তের বাইরে বিস্তৃত হতে পারে।
আপনার মতামত লিখুন :