সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। বুধবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদিকে দেখে এসে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোনে সর্বশেষ পরিস্থিতি জানান।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত পৌনে ৯টার দিকে ফোনালাপে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী হাদির চিকিৎসা ও বর্তমান অবস্থার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, হাদির অবস্থা এখনও গুরুতর পর্যায়ে রয়েছে।
এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানান।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হওয়ার পর সোমবার থেকে হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেল থেকে ছোড়া গুলিতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :