বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলেছেন, সামনে দেশকে ঘিরে সময় সহজ নয় এবং বিভিন্ন স্থানে অরাজকতার লক্ষণ দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
রোববার বিকেলে বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।
তিনি বলেন, শহীদ ওসমান হাদি গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। জুলাই শহীদদের প্রতি সম্মান জানাতে হলে দেশের জন্য শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা এবং মানুষকেন্দ্রিক রাজনীতিই একমাত্র পথ। তাঁর ভাষায়, “লক্ষ্য একটাই—কাজ করব, দেশ গড়ব, সবার আগে বাংলাদেশ।”
তারেক রহমান অতীতে বিএনপির নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশকে সংকট থেকে উন্নয়নের পথে নিয়ে গিয়েছিলেন। তিনি বলেন, আবারও সেই দায়িত্ব এসেছে—স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে অগ্রাধিকার দিতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা চ্যালেঞ্জের মুখে উল্লেখ করে তিনি কঠোর পরিশ্রমের ওপর জোর দেন।
অনুষ্ঠানের শেষে তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দলমত নির্বিশেষে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
আপনার মতামত লিখুন :