২৭ ডিসেম্বর ভোটার হচ্ছেন তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ৬:০৬ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছে দলটি। সোমবার (২২ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিকেল ৩টায় অনুষ্ঠিত বৈঠকে বিএনপির একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও ইসির সিনিয়র সচিবও উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জাকারিয়া।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি ভোটার হওয়ার প্রক্রিয়া শুরু করছেন। তবে তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হবে।