বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হওয়ার সিদ্ধান্ত রুমিন ফারহানার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৫, ৮:২৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে বিএনপি এবার দলীয় প্রার্থী না দিয়ে জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছাড় দিয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী, ওই আসনে জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব মনোনয়ন পেয়েছেন।

এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও দলের আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেলেও তিনি নির্বাচনের মাঠ ছাড়ছেন না। রুমিন ফারহানা জানিয়েছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে।

মনোনয়ন প্রসঙ্গে প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, দল জোটগত বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। তবে জনগণের সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে আশাবাদী। দলীয় শৃঙ্খলাভঙ্গের বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, সে সিদ্ধান্ত দলের।

এর আগে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আসন সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এসব আসনে বিএনপি প্রার্থী দেবে না এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।