ঢাকা—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের শরিক সাতটি দলের সঙ্গে আসন সমঝোতার আওতায় আরও আটটি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে এখন পর্যন্ত শরিক দলগুলোর জন্য মোট ১২টি আসন ছাড়ল দলটি।
বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দীর্ঘ আলোচনার পর যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে যেসব আসনে ঐকমত্য হয়েছে, সেসব আসনে সমঝোতা চূড়ান্ত করা হয়েছে।
নতুন এই তালিকা অনুযায়ী, নাগরিক ঐক্য, জাতীয় পার্টি (কাজী জাফর), ইসলামী ঐক্যজোট, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনপিপি ও গণঅধিকার পরিষদ নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেবে। নির্ধারিত আসনগুলো হলো—বগুড়া-২, পিরোজপুর-১, নড়াইল-২, যশোর-৫, পটুয়াখালী-৩, ঝিনাইদহ-৪, ঢাকা-১২ এবং ব্রাহ্মণবাড়িয়া-৬।
মির্জা ফখরুল জানান, আলোচনার পরিসর এখানেই শেষ নয়; প্রয়োজনে আরও সমঝোতা হতে পারে। তিনি আরও বলেন, কুমিল্লা-৭ আসনে এলডিপির রেদোয়ান আহমেদ এবং ঢাকা-১৩ আসনে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে সমর্থন দেওয়া হয়েছে। যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন, আর শরিক দলগুলো নিজস্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এর আগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে চারটি আসনে সমঝোতার ঘোষণা দিয়েছিল বিএনপি। দলীয়ভাবে দুই ধাপে ২৭২টি আসনে প্রার্থী ঘোষণার পর সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত ২৭৪টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে। বাকি আসনগুলোর বিষয়ে আলোচনা চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :