রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মাহমুদুর রহমান মান্না


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন

ঢাকা ঋণখেলাপির তালিকা থেকে নাম প্রত্যাহারের নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল, জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

রাষ্ট্রপক্ষ জানায়, বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন আদালত গ্রহণযোগ্য মনে করেননি। মান্নার আইনজীবীরা জানিয়েছেন, এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।

মামলার প্রেক্ষাপটে জানা যায়, মান্নার নেতৃত্বাধীন আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা বকেয়া আদায়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গত ডিসেম্বর ‘কল ব্যাক নোটিশ’ জারি করে। নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না হলে আইনি পদক্ষেপের কথা জানানো হয়।

ব্যাংকের তথ্যে বলা হয়, ২০১০ সালে ২২ কোটি টাকা বিনিয়োগ অনুমোদন পেলেও প্রতিষ্ঠানটি নিয়মিত পরিশোধে ব্যর্থ হয়। লাভজনক হওয়া সত্ত্বেও চুক্তি অনুযায়ী দায় পরিশোধ না করায় বকেয়া বর্তমান অঙ্কে পৌঁছায়।