ঢাকায় প্রত্যাবর্তন থেকে স্মৃতিচারণ—তারেক রহমানের তিন দিনের সূচি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ৬:২০ অপরাহ্ন

ঢাকা—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী তিন দিনের কর্মসূচি প্রকাশ করেছে দলটি। বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

দলীয় ঘোষণায় জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সেখান থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

কর্মসূচি অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

শনিবার নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার পর তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। দিনের শেষ ভাগে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।