ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনে সাকিকে সমর্থন, প্রার্থী দিচ্ছে না বিএনপি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফলে ওই আসনে দলটি নিজস্ব প্রার্থী দিচ্ছে না।

বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যুগপৎ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শরিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার ভিত্তিতেই আসন সমঝোতা হয়েছে। এই তালিকা চূড়ান্ত নয়; আলোচনা অব্যাহত থাকবে এবং নতুন সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

এদিন বিএনপি সাতটি শরিক দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে মোট আটটি আসন বণ্টনের ঘোষণা দেয়। এর মধ্যে বগুড়া–২ এ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর–১ এ জাতীয় পার্টি (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার, নড়াইল–২ এ এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, যশোর–৫ এ ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী–৩ এ গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, ঝিনাইদহ–৪ এ রাশেদ খান, ঢাকা–১২ এ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া–৬ এ জোনায়েদ সাকি রয়েছেন।