ঢাকায় জামায়াত মহাসমাবেশ করবে ৩ জানুয়ারি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন

জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং দেশজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বুধবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আয়োজন সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা সমন্বয় সভা করেছেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসমাবেশের জন্য মানিক মিয়া অ্যাভিনিউ তাদের প্রথম পছন্দ। সেখানে অনুমতি না মিললে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে।

কর্মসূচির লক্ষ্য ব্যাখ্যা করে দলের সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আযাদ বলেন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। এসব দাবি পূরণ না হলে নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব নয়।

আরেক সহকারী সেক্রেটারি এ টি এম মাসুম বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে রাজপথে দাবির কর্মসূচিতে যাচ্ছে জামায়াত।