দেশে ফিরেই মাটির স্পর্শ নিলেন তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ১:১০ অপরাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই প্রতীকী এক মুহূর্তে বাংলাদেশের মাটির স্পর্শ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিমানবন্দরের একটি ছোট ফুলের বাগানের কাছে গিয়ে তিনি জুতা খুলে খালি পায়ে মাটিতে দাঁড়ান, পরে হাতে তুলে নেন মাটি। উপস্থিতদের কাছে এই দৃশ্যটি ফিরে আসার আবেগকে আরও দৃঢ় করে তোলে।

বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে বিমানটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

তারেক রহমানের আগমনকে ঘিরে বিমানবন্দরের ভিআইপি গেটসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বের হওয়ার পথ থেকে সমাবেশস্থল পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট এলাকা) সকাল থেকেই জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় নেতাকে একনজর দেখতে সেখানে জড়ো হন লাখো মানুষ।