চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য শেষে তিনি হাসপাতালে যান।
এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশে রওনা হন তারেক রহমান। পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরা হাত নেড়ে তাকে স্বাগত জানান। প্রায় তিন ঘণ্টা ১৫ মিনিট পর তিনি সংবর্ধনা মঞ্চে পৌঁছান।
তারেক রহমানকে বহনকারী বিমানটি দুপুর ১১টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফেরেন।
ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও আলিঙ্গনে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
আপনার মতামত লিখুন :