হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ৩:৫০ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শাহবাগে অবস্থান নিলে শাহবাগ, কাঁটাবন, টিএসসি ও মৎস্য ভবনমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ইনকিলাব মঞ্চ জানায়, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে বৃহস্পতিবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে বাদ জুমা কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এবং দেশব্যাপী দোয়া, মোনাজাত ও বিক্ষোভের আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তদন্তসংশ্লিষ্টরা ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন; অভিযুক্ত ব্যক্তি দেশ ছেড়ে পালিয়েছেন বলে আলোচনা রয়েছে।