ঝিনাইদহ–৪: রাশেদ খানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাকর্মীদের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

ঝিনাইদহ — আসন সমঝোতায় জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খানের নাম ঘোষণার প্রতিবাদে ঝিনাইদহ–৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুক্রবার বিকেলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভে ছাত্রদলের নেতাকর্মীরা কাফনের কাপড় পরে অংশ নেন এবং প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে।

ঝিনাইদহ–৪ আসনে বিএনপির তিনজন নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং পৃথকভাবে রাজনৈতিক তৎপরতাও চালিয়ে আসছিলেন। তাদের বাদ দিয়ে জোটের প্রার্থী হিসেবে রাশেদ খানের নাম ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মুর্শিদা জামান বেল্টু—উভয়েই এ আসনের মনোনয়নপ্রত্যাশী। বক্তারা বলেন, “ধানের শীষের এই আসনে কোনো অবস্থাতেই রাশেদ খানকে মেনে নেওয়া হবে না।”

সমাবেশের সভাপতি মুর্শিদা জামান বেল্টু আনুষ্ঠানিকভাবে রাশেদ খানকে কালীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে নেতাকর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ চালিয়ে কর্মসূচি শেষ করেন।