ঝিনাইদহ–৪ আসনে প্রার্থী ঘোষণা

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন

ঢাকা — গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ–৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর উপজেলার আংশিক) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রাশেদ খান। তিনি দলের নেতাকর্মীদের তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে গণ অধিকার পরিষদ জানিয়েছে, দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে রাশেদ খানকে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। ঝিনাইদহ–৪ আসনে তিনি বিএনপির প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শুক্রবার রাতে গণমাধ্যমকে বলেন, ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন দল একসঙ্গে কাজ করেছে। সেই ধারাবাহিকতায় রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যেই তারা সমন্বিতভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং ভবিষ্যতে জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখবেন।