হাদি হত্যার বিচার না হলে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ৬:৫০ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। শনিবার (২৭ ডিসেম্বর) বিক্ষোভ থেকে সংগঠনটি সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানায়, বিচার নিশ্চিত না হলে যেকোনো সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হতে পারে।

শাহবাগে অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার না করে কাউকে ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না। তার ভাষায়, ন্যায়বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না আন্দোলনকারীরা।

সমাবেশে ছাত্র-জনতা খুনিদের গ্রেপ্তার এবং হত্যার নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে স্লোগান দেন। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার বিচার প্রক্রিয়ায় গড়িমসি করছে, যা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

সরকারের উপদেষ্টাদের উদ্দেশে কড়া ভাষায় আব্দুল্লাহ আল জাবের বলেন, যারা মনে করছেন ক্ষমতায় থেকে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারবেন, তাদের সেই ধারণা ভুল। “রক্তের সঙ্গে বেইমানি করলে এই মাটিতেই জনগণ বিচার করবে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রায় ১,৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার ক্ষমতায় এলেও হত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় কারা বাধা দিচ্ছে—তা প্রকাশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচার না হলে সরকারকেই জবাবদিহির মুখোমুখি হতে হবে।