এনসিপি ছাড়লেন তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে তাসনিম জারা বলেন, খিলগাঁওয়ের সন্তান হিসেবে এলাকার মানুষের সেবাই তার আজীবনের লক্ষ্য। সংসদ সদস্য হিসেবে দেশসেবার পরিকল্পনা থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন না। বরং নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিশ্রুতি রক্ষায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামবেন।

তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার কোনো দলীয় কার্যালয় বা সংগঠিত কর্মীবাহিনী থাকবে না। “আপনাদের মেয়ে হিসেবে আমার একমাত্র শক্তি আপনারাই,” লিখে তিনি সততা ও নিষ্ঠার প্রতি জনগণের সমর্থন চান।

নির্বাচনী বিধি অনুযায়ী, ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে হলে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। রোববার থেকে এই স্বাক্ষর সংগ্রহ শুরু হবে জানিয়ে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া যারা আগে দলীয় প্রার্থী হিসেবে তাকে সমর্থন দিয়ে নির্বাচনী তহবিলে অনুদান দিয়েছেন, তাদের সম্মান জানিয়ে তাসনিম জারা বলেন, কেউ চাইলে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরত নিতে পারবেন। ট্রানজেকশন আইডি যাচাই শেষে অনুদান ফেরত দেওয়া হবে।