নোয়াখালী-৫: ফখরুলের মনোনয়ন প্রত্যাহারে বিএনপি মহাসচিবকে নোটিশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

নোয়াখালী–৫ (কোম্পানিগঞ্জ–কবিরহাট) আসনে ফখরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার ওই এলাকার বাসিন্দা ও বিএনপির সদস্য–সমর্থক মিয়াজ উদ্দিনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, ফখরুল ইসলাম আওয়ামী লীগ ও জামায়াতের সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগে অভিযুক্ত এবং ২০২২ সালে পদ্মা লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এতে আরও উল্লেখ করা হয়, ২০১২ সালে একই প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগে তাকে অপসারণ করা হয়েছিল।

এ ছাড়া জুলাই আন্দোলনে ছাত্র হত্যার মামলায় আসামি হওয়া এবং দীর্ঘদিন স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কার্যকর যোগাযোগ না রাখার অভিযোগও আনা হয়েছে।

নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।