নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণ খেলাপির তালিকা থেকে সাময়িকভাবে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার আদালত হাইকোর্টের আগের আদেশ স্থগিত করে এ নির্দেশ দেন। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও সৈয়দ মামুন মাহবুবসহ অন্যান্য আইনজীবীরা। ইসলামী ব্যাংকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল কাইয়ুম।
এর আগে ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন খারিজ করায় মান্না নির্বাচনে অযোগ্য হবেন বলে হাইকোর্ট রায় দিয়েছিল। সেই আদেশের বিরুদ্ধে তিনি চেম্বার আদালতে আবেদন করেন।
উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে মান্নার নেতৃত্বাধীন আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩৮ কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ এনে ‘কল ব্যাক নোটিশ’ জারি করা হয়েছিল। ব্যাংকের দাবি, প্রতিষ্ঠানটি নিয়মিত পরিশোধে ব্যর্থ হওয়ায় বকেয়া এই অঙ্কে পৌঁছেছে।
চেম্বার আদালতের সাম্প্রতিক আদেশে আপাতত সেই আইনি জটিলতা কাটল এবং মান্নার নির্বাচনে অংশগ্রহণের পথ উন্মুক্ত হলো।
আপনার মতামত লিখুন :