ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন দাখিল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ১:১৯ অপরাহ্ন

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান–বনানী) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে মনোনয়ন জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। মনোনয়ন দাখিলের পর তিনি বলেন, তরুণ ভোটারদের সমর্থন বিএনপির দিকেই থাকবে এবং নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।

আব্দুস সালাম দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। একই সঙ্গে তিনি নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে নানা ষড়যন্ত্রের অভিযোগও করেন।

এর আগে রোববার ঢাকা-১৭ আসনের জন্য তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপি সূত্র জানায়, একই দিনে বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়ন দাখিলের কর্মসূচি রয়েছে।

নির্বাচনী তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।