ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চের প্রার্থী নয়: আবদুল্লাহ আল জাবের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন

ঢাকা—শহীদ শরিফ ওসমান হাদির মতো যোগ্যতা ও আদর্শে পৌঁছানো না পর্যন্ত ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চের কেউ নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

তিনি বলেন, সহানুভূতির রাজনীতিতে বিশ্বাস করে না ইনকিলাব মঞ্চ এবং কোনো পরিস্থিতিতেই সিমপ্যাথিকে পুঁজি করে নির্বাচনে যাবে না।

সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চলমান অবরোধ কর্মসূচি থেকে তিনি এ ঘোষণা দেন। গত শুক্রবার থেকে প্রতিদিন শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

আবদুল্লাহ আল জাবের বলেন, ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি সাংস্কৃতিক আন্দোলন ও রাজনৈতিক চাপ সৃষ্টিকারী প্ল্যাটফর্ম। শহীদ ওসমান হাদি নিজেও ইনকিলাব মঞ্চের ব্যানারে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণ তাদের কাছে হাদি হত্যার বিচারে সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে। বিচারে উদাসীন থাকলে জনগণই নির্বাচনে জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সরকার ও উপদেষ্টাদের সমালোচনা করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রভাবশালীদের নাম প্রকাশ করে বিচারের আওতায় আনতে হবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না বলেও তিনি ঘোষণা দেন।