মায়ের ছায়া থেকে বঞ্চিত হলো জাতি

খালেদা জিয়ার মৃত্যুতে সংবাদ সম্মেলনে কাঁদলেন মির্জা ফখরুল ও রিজভী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংকটে শোকে মাথার ওপর যেমন মায়ের একটা ছায়া থাকে। জাতি যেন আজ সেই ছায়া থেকে বঞ্চিত হলো। আমরাও হলাম।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংবাদ সম্মেলনে এসে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় দুজনকেই অশ্রুসজল দেখা যায়।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু দলের নয়, জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন জনগণের অধিকার ও গণতন্ত্রের সংগ্রামের প্রতীক। তাঁর চলে যাওয়ায় বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকলেও খালেদা জিয়া জাতির কাছে একজন অভিভাবকের প্রতীক ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ যেন মায়ের ছায়া হারাল। দুঃসহ নির্যাতন ও ব্যক্তিগত শোক সত্ত্বেও গণতন্ত্রের প্রশ্নে আপসহীন থেকে তিনি জাতিকে অনুপ্রেরণা জুগিয়েছেন।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ-বিদেশে শোকের আবহ তৈরি হয়েছে এবং এই শোক কাটিয়ে ওঠা জাতির জন্য কঠিন হবে।