বগুড়ার বধূ-দেশনেত্রীর মৃত্যুতে থমকে শহর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা ও খালেদা জিয়ার শ্বশুরবাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।

মঙ্গলবার ভোরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গাবতলী ও আশপাশের এলাকায় শোকাহত মানুষের ঢল নামে। জেলা বিএনপির কার্যালয় ও জিয়া বাড়িতে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিএনপি নেতারা জানান, বগুড়ার সঙ্গে খালেদা জিয়ার সম্পর্ক ছিল আত্মিক ও রাজনৈতিকভাবে গভীর। শ্বশুরবাড়ির কারণে তিনি এ জেলার সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন এবং দলীয় কর্মসূচিতে এলে স্থানীয় নেতাকর্মীদের খোঁজখবর নিতেন।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “আজ আমরা গণতন্ত্রের মাকে হারালাম।” ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, অন্যায়ের সঙ্গে আপস না করার দৃঢ় অবস্থানের কারণেই তাকে জীবনে চরম ত্যাগ স্বীকার করতে হয়েছে।

সকাল থেকেই জিয়া বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বগুড়া-৭ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, যা বগুড়াবাসীর সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।