খালেদা জিয়ার জানাজা

সকাল ১১টার মধ্যেই জনসমুদ্রে পরিণত মানিক মিয়া অ্যাভিনিউ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল ১১টার মধ্যেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা শোকার্ত মানুষের ঢলে লোকে লোকারণ্য হয়ে ওঠে।

হিম শীত উপেক্ষা করে সকাল থেকেই রাজধানীর ফার্মগেট, বিজয় সরণি, ধানমন্ডি, আসাদগেট ও মিরপুরসহ বিভিন্ন সড়ক দিয়ে মানুষ জানাজায় অংশ নিতে সংসদ এলাকায় ছুটে আসেন। জাতীয় সংসদের পশ্চিম গেট, দক্ষিণ প্লাজা, পূর্ব গেট, চন্দ্রিমা উদ্যান ও গণভবনসংলগ্ন গেটগুলোতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশের ক্ষেত্রে আর্চওয়ের মাধ্যমে তল্লাশি চালানো হয়।

এদিকে প্রিয় নেত্রীকে একনজর দেখতে গুলশানেও বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়। নিরাপত্তার স্বার্থে গুলশান-১ এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়।

বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িবহর গুলশানের বাসভবন থেকে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে যাত্রা করে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাবের কঠোর নিরাপত্তায় গাড়িবহরটি চলার পথে দুই পাশে অপেক্ষমাণ শত শত নেতাকর্মী ও সমর্থকরা হাত নেড়ে শেষ বিদায় জানান। অনেককে আবেগাপ্লুত ও কান্নারত অবস্থায় দেখা যায়।

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার সারাদেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে।