সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৫, ৮:০৭ অপরাহ্ন

টাঙ্গাইল-৫ (সদর) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে তার মৃত্যুতে টাঙ্গাইলসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করেন মাহমুদুল হাসান। রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬, ২০০১ ও ২০১২ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে টাঙ্গাইল-৫ আসনের প্রতিনিধিত্ব করেন।