হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফের শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে তারা বেলা পৌনে ২টার দিকে শাহবাগে সমবেত হন।

অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত হয়ে ওঠে। বিক্ষোভের কারণে সড়কের এক পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এর আগে ইনকিলাব মঞ্চ সামাজিক যোগাযোগমাধ্যমে শাহবাগ শহীদ হাদি চত্বরে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানায়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তিনি মারা যান। হত্যাকাণ্ডের পর থেকেই নিয়মিতভাবে শাহবাগে কর্মসূচি পালন করে দ্রুত বিচার দাবি করে আসছে সংগঠনটি।