ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানের পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতির অবনতির পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও দেশটির নেতৃত্বের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে। অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে এবং মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন করা হবে।
এদিকে ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘চরম ন্যাক্কারজনক সামরিক আগ্রাসন’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপনের ঘোষণা দিয়েছে কারাকাস।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার সামরিক অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলা থেকে মাদক পাচার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে—এই অভিযোগের প্রেক্ষাপটেই ক্যারিবীয় অঞ্চলে আগেই মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছিল।
ঘটনাপ্রবাহে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকে নজর রাখছে বিশ্ব সম্প্রদায়।
আপনার মতামত লিখুন :