ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো মার্কিন সামরিক অভিযানে বেসামরিক নাগরিক ও সেনাসদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হামলায় সেনা ও সাধারণ মানুষ প্রাণ হারান। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, স্থলবাহিনী নামানোর আগে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করতে বড় ধরনের বিমান অভিযান চালানো হয়। এতে ১৫০টিরও বেশি মার্কিন বিমান মোতায়েন করা হয়, যাতে সামরিক হেলিকপ্টার দিয়ে মাদুরোর অবস্থানস্থলে সেনা নামানো সম্ভব হয়।
তবে নিহতের সংখ্যা বা অভিযানের ব্যাপ্তি নিয়ে হোয়াইট হাউস কিংবা পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার ভোরে এক নাটকীয় অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলায় একটি ‘নিরাপদ ও যথাযথ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা’ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটি পরিচালনা করবে।
এদিকে নিউইয়র্কের একটি আদালতে দাখিল করা নতুন অভিযোগপত্রে মাদুরো দম্পতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
অভিযানটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনাও শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং মার্কিন কংগ্রেসকে পাশ কাটানো হয়েছে, যা ভেনেজুয়েলা ও গোটা অঞ্চলে দীর্ঘমেয়াদি অস্থিরতার ঝুঁকি তৈরি করতে পারে।
আপনার মতামত লিখুন :