মাদুরোর ঘর থেকেই তথ্য পাচ্ছিল সিআইএ—রয়টার্সের চাঞ্চল্যকর প্রতিবেদন


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ২:১৮ অপরাহ্ন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তারের পেছনে ছিল ভেতরের এক বিশ্বাসঘাতক—এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএকে গোপন তথ্য সরবরাহ করছিলেন, যার ফলে মার্কিন সামরিক অভিযানটি অল্প সময়ের মধ্যেই সফল হয়।

‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ নামে পরিচিত এই অভিযানে অংশ নেয় মার্কিন স্পেশাল ফোর্স, সিআইএ ও এফবিআই। কয়েক মাস ধরে পরিকল্পিত অভিযানে মাদুরোর অবস্থান, দৈনন্দিন রুটিন ও নিরাপত্তা কাঠামো আগেভাগেই জানা ছিল বলে জানায় রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, ডেল্টা ফোর্স মাদুরোর সুরক্ষিত আবাসনের অনুরূপ একটি কাঠামো তৈরি করে সেখানে অনুশীলন চালায়। গত আগস্ট থেকে ভেনেজুয়েলায় সক্রিয় সিআইএর একটি দল স্থানীয় উৎসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে।

চার দিন আগে অভিযানের অনুমোদন দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার গভীর রাতে কারাকাসসহ বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলার পর বিশেষ বাহিনী স্থলপথে অভিযান চালায়। রাতের মধ্যেই মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন।

পরবর্তীতে ট্রাম্প সামাজিক মাধ্যমে হাতকড়া পরা মাদুরোর ছবি প্রকাশ করেন এবং অভিযানের সাফল্যকে ‘চমকপ্রদ’ বলে অভিহিত করেন। তিনি ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ও দেশটির তেলসম্পদ ব্যবহারের পরিকল্পনার কথাও জানান।

রয়টার্স জানায়, পুরো অভিযানের কেন্দ্রে ছিল এক অভ্যন্তরীণ সূত্র—যিনি মাদুরোর ‘ঘরের মানুষ’ হয়েও শেষ পর্যন্ত তার পতনের পথ তৈরি করেন।